রিপোর্টার - মোঃ রাকিবুল ইসলাম | katha24
বর্তমানে দেশের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশীদের বিদেশে শিক্ষার জন্য ব্যয় ছিল ৬৬ কোটি ২০ লাখ ডলার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক। বাংলাদেশী মুদ্রায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৮ হাজার ৭৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। কেবল ব্যয়ই নয়, সংখ্যার দিক দিয়েও বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে সর্বাধিক শিক্ষার্থী এখন পাড়ি দিচ্ছেন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোসহ বিভিন্ন সংস্থার তথ্য বিশ্লেষণ করে এ বিষয়টি সুস্পষ্ট হয়েছে।
সাধারণত উচ্চমাধ্যমিকের পর শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এতে করে দেশে যেমন রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে, তেমনি মেধাবীদের দেশ ছাড়াও হচ্ছে। এ বিষয়ে আলোচনা করলে দেখা যায়, শিক্ষার্থীরা দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা, বেকারত্ব, অনিরাপদ জীবন, নিরাপদ সড়ক ও ট্রাফিক আইন না মানার মতো সমস্যাগুলির কথা উল্লেখ করছেন। এছাড়া, দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিট সংকট এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবকেও দায়ী করছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা বিগত পাঁচ অর্থবছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যয়ও ক্রমাগত বেড়ে চলেছে। ২০২৪-২৫ অর্থবছরে বিদেশে বাংলাদেশী শিক্ষার্থীরা ব্যয় করেছেন ৬৬ কোটি ২০ লাখ ডলার। ২০২৩-২৪ অর্থবছরে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যয় ছিল ৫৩ কোটি ৩২ লাখ ডলার, ২০২২-২৩ অর্থবছরে ৫২ কোটি ৮ লাখ ডলার, ২০২১-২২ অর্থবছরে ৪১ কোটি ৪৫ লাখ ডলার এবং ২০২০-২১ অর্থবছরে ২৪ কোটি ৩১ লাখ ডলার। অর্থাৎ, পাঁচ বছরের ব্যবধানে এ ব্যয় আড়াই গুণেরও বেশি বেড়ে গেছে। শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় ব্যয় বেড়েছে প্রায় ১২ কোটি ৮৮ লাখ ডলার।
২০২৪ সালে ইউনেস্কোর ‘গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।
এ প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ থেকে ৫২ হাজার ৭৯৯ শিক্ষার্থী ৫৫টি দেশে পড়াশোনার জন্য গেছেন। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৪৯ হাজার ১৫১ এবং ২০২১ সালে ৪৪ হাজার ৩৩৮ জন। এক দশক আগে, ২০১৩ সালে বিদেশে পড়তে গিয়েছিলেন ২৪ হাজার ১১২ জন। ২০১৩ থেকে ২০২৩ সালের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা ১০ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সাম্প্রতিক সময়ে এ সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে বলেই মনে করছেন শিক্ষাবিদরা। তাদের মতে, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষাকে বিদেশে যাওয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছেন এবং তাদের বেশিরভাগই দেশে ফিরে আসছেন না।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।